সদ্যপ্রয়াত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফারুকের (আকবর হোসেন পাঠান) আসনে নির্বাচনে প্রার্থী হতে চান ছোট পর্দার জনপ্রিয় রম্য অভিনেতা সিদ্দিকুর রহমান।
মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর ফটকে ফারুকের মরদেহ গ্রহণের সময় তিনি গণমাধ্যমের কাছে এ মন্তব্য করেন।
অভিনেতা সিদ্দিকুর রহমান বলেন, ঢাকা-১৭ আসনের জনপ্রিয় সংসদ সদস্য ছিলেন ফারুক ভাই। এটা প্রাণের জায়গা হয়ে উঠেছিল। কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার মনের কাজগুলো যা তিনি করতে চেয়েছিলেন তার প্রতিফলন ঘটাতে পারেননি। তাই তার আসনে আমি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রার্থী হতে আগ্রহী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি মনে করেন, মনোনয়ন দেন তাহলে একজন শিল্পী হিসেবে তার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে সবচেয়ে বেশি মনোযোগ দেবো।
অভিনেতা ফারুক বাংলা চলচ্চিত্র অসামান্য অবদান রেখে গেছেন জানিয়ে সিদ্দিকুর রহমান বলেন, আমরা ভেবেছিলাম ফারুক ভাই চিকিৎসা শেষে হেঁটে বিমানবন্দর থেকে বের হবেন। কিন্তু তিনি ফিরলেন লাশ হয়ে। ফারুক ভাইয়ের মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারিয়েছি। আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি।
এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার একটি ফ্লাইটে ফারুকের মরদেহ দেশে আনা হয়। সকাল আটটা ১৫ মিমিটে আট নম্বর ফটক দিয়ে তার মরদেহ বের করা হয়।
সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চিত্রনায়ক ফারুক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন।
অন্যদিকে ছোটপর্দার জনপ্রিয় রম্য অভিনেতা সিদ্দিকুর রহমান। অভিনয়ের পাশাপাশি করেন ব্যবসাও। সেই সঙ্গে দীর্ঘদিন জড়িত ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন সিদ্দিক। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। এই আসন থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান সরকারের কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক।