চালু হয়েছে এনআইডি সার্ভারের সেবা

আবারো চালু করে দেওয়া হয়েছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারের পরিষেবা।  সোমবার (১৪ আগস্ট) রাত ১২টার দিকে এই সেবা বন্ধ করে দেওয়া হয়।  রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার জন্য সাময়িকভাবে এ সেবা বন্ধ রাখা হয়েছিল।  দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে।

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্যভান্ডার বা সার্ভারের পরিষেবা বুধবার (১৬ আগস্ট ) বেলা ২টার দিকে চালু হয়েছে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ুন কবীর।

তিনি বলেন, সাময়িকভাবে এনআইডি সেবা বন্ধ ছিল। এজন্য আমরা প্রথমে দুঃখ প্রকাশ করছি।  এনআইডি সার্ভার রক্ষণাবেক্ষণসহ কিছু কাজের জন্য বন্ধ রেখেছিলাম।  রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার জন্যই মূলত সেবা বন্ধ রেখেছিলাম।  তবে এখন এনআইডি সেবা চালু করে দেওয়া হয়েছে।

এ কে এম হুমায়ুন কবীর বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সার্ভার এখন ওপেন।  অন্যান্য কাজ চলমান।  রক্ষণাবেক্ষণের জন্য সাময়িক বন্ধ করেছিলাম। এছাড়া পত্রিকায় দেখেছি এসময় সার্ভারে থ্রেট আসতে পারে।  আমরা চিন্তা করলাম, জাতীয় ডাটাবেজে সার্ভারটা বহন করবো এই ডাটাবেজের যে সার্ভার আমাদের কাছে এটা যদি হ্যাক হয়।

তিনি আরও বলেন, আমাদের লোকজন জানিয়েছেন, এ মুহূর্তে কোনো থ্রেট নেই।  এখান (এনআইডি সার্ভার) থেকে ১১৭টি প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকরাও সেবা পেয়ে থাকেন।  সব মানুষের নিরাপত্তার জন্য এটা করেছি। এখন সার্ভার ওপেন আছে সার্ভার থেকে সেবা নিচ্ছি।  যদি কোনো ফল্স দেখতে পাই, তখন জাতির স্বার্থে আমরা সিদ্ধান্ত নেবো কি করা যেতে পারে।  জাতিকে ফল্স কিছুর মধ্যে ফেলতে দেবো না।

এনআইডি সেবা বন্ধ করার আগে কোনো ঘোষণা না দেওয়া প্রসঙ্গে এনআইডি ডিজি বলেন, ১৭১টি প্রতিষ্ঠানকে জানিয়েছি যারা এখান থেকে সেবা নিয়ে থাকে। তবে সাধারণ মানুষের জন্য পৃথকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। কারণ এতে প্যানিক সৃষ্টি হতে পারত।