চাকরি থেকে সাময়িক বরখাস্ত হচ্ছেন এডিসি হারুন!

ছাত্রলীগের তিন নেতাকে থানায় মারধর করার ঘটনায় পুলিশের রমনা বিভাগ থেকে বদলি হওয়া অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গণমাধ্যমকে এ কথা জানান।

এর আগে গতকাল রবিবার দুপুরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এডিসি হারুনকে রমনা বিভাগ থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সংযুক্ত করা হয়েছে। একই দিন সন্ধ্যায় জানানো হয়, তাঁকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

এরপর আজ দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের দেখা করে ঘটনার বিচার দাবি করেন।

ডিএমপি কমিশনারের সঙ্গে দুই ছাত্রলীগ নেতার সাক্ষাতের পর এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে—এমন খবর পাওয়া যায়। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।