প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চেয়েছেন আদালত।
সোমবার (২২ মে) সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিষয়টি উত্থাপন করলে আদালত ওই আসামিকে গ্রেপ্তার করার বিষয়টি রাষ্ট্রপক্ষকে অবহিত করতে বলেন। হাইকোর্ট এ বিষয়ে পুলিশের সবশেষ পদক্ষেপ জানতে চান।
এসময় রাজশাহীর পুলিশ সুপার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’র ঘটনায় মামলা হলেও এখনও আসামি গ্রেপ্তার হয়নি।
প্রসঙ্গত, গত শুক্রবার রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে বিএনপির জনসমাবেশে আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দিয়েছেন। ওই জনসভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। একদফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’
এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে। আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ এই বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। দেশের বিভিন্ন স্থানে এই বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ হয়েছে।