চলে গেলেন সুমিত্রা সেন

চলে গেলেন বর্ষীয়ান রবীন্দ্র সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন।  মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।  তার বয়স হয়েছিল ৮৯ বছর।

দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।  গত ২১ ডিসেম্বর তার ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে।  ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।

চিকিৎসকরা জানান, নিউমোনিয়া থেকেই তার দেহে আনুষঙ্গিক জটিলতা সৃষ্টি হয়েছিল।

সোমবার (২ জানুয়ারি) রাতেই বাড়ি নিয়ে আসা হয় শিল্পীকে।  পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়, বাড়ি থেকেই চিকিৎসা চলবে।  কিন্তু মঙ্গলবার ভোরেই চলে গেলেন তিনি।

বর্ষীয়ান এই শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমিত্রা সেনের দুই মেয়ে ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে বিপুল জনপ্রিয়।  মঙ্গলবার ভোরে শ্রাবণী সেন ফেসবুকে লেখেন, ‘আজ ভোরে মা চলে গেলেন।’