চলতি মাসেই কালুরঘাট সেতু সংস্কার কাজ শুরু হচ্ছে

কর্ণফুলী নদীর ওপর নির্মিত বৃটিশ আমলের কালুরঘাট সেতুর সংস্কার কাজ চলতি মাসে শুরু করতে চাচ্ছে রেলওয়ে। বুয়েটের পরামর্শক দলের পরামর্শে জরাজীর্ণ সেতুটিকে কক্সবাজারের রেল যাতায়াতের জন্য উপযোগী করে তোলা হবে। সংস্কারের পর আগামী সেপ্টেম্বর থেকে কক্সবাজার রুটে রেল চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। ১৫ জুনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞা।

তিনি জানান, সংস্কার চলাকালীন সময়ে সেতু বন্ধ থাকলে নদী পারাপারের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে কালুরঘাটে চলাচল করবে ফেরি। এ লক্ষ্যে আনা হয়েছে তিনটি ফেরি। এরমধ্যে দুইটি ফেরি যানবাহন পারাপার করবে। অপরটি রিজার্ভে থাকবে। গত ফেব্রুয়ারি মাসে ফেরি চালুর সার্বিক প্রস্তুতি সস্পন্ন করে সড়ক ও জনপথ বিভাগ। তবে টোলের হার নির্ধারণ না হওয়ায় প্রস্তুতিা তিন মাসেও ফেরি সার্ভিসের উদ্বোধন করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ।

সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, আমরা ফেরি চালু করার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। ফেরি সার্ভিস চালু করতে মাসখানেক সময় লাগতে পারে।

গত ৬ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর বলেছিলেন, ‘জুন মাসে কালুরঘাট সেতুর সংস্কার কাজ শুরু হবে। পুরনো সেতুর সংস্কার কাজ শেষ করতে সময় লাগবে ছয় মাস। তবে সেতুর মূল রেললাইনের সংস্কার কাজ তিন মাসের মধ্যে শেষ করা হবে।’