চবিতে ঢাবির ভর্তি পরীক্ষা, প্রথম দিনে ৯৪ শতাংশের উপস্থিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চট্টগ্রাম বিভাগের কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম দিনের পরীক্ষায় উপস্থিতির হার ৯৪ দশমিক ৪৪ শতাংশ।

শনিবার (৬ মে) সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চবি’র কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ ও ইঞ্জিনিয়ারিং অনুষদ কেন্দ্রে চলে পরীক্ষা।

চবি প্রক্টর ড. নূরুল আজিম শিকদার বলেন, ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৯ হাজার ৮৩১ শিক্ষার্থীর মধ্যে ৯ হাজার ২৮৪ জন অংশগ্রহণ করেছে। শতকরা উপস্থিতি ৯৪ দশমিক ৪৪ শতাংশ। এছাড়া অনুপস্থিত ছিলেন ৫৪৭ জন। অনুপস্থিতির হার ৫ দশমিক ৫৪ শতাংশ।

এ বছর ঢাবি’র ৩ ইউনিটের পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অংশ নিচ্ছে ২৫ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী। আগামী ১২ মে অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে ১০ হাজার ২৭ জন ও পরদিন ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫ হাজার ২৯৫ জন অংশগ্রহণ করবেন।