চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগের সভাপতি শাসনানন্দ বড়ুয়া রুপনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
বিভাগটির শিক্ষক নিয়োগ সংক্রান্ত নির্বাচনি বোর্ডের তথ্য গণমাধ্যমকে ফাঁস করা ও বোর্ড চলাকালীন অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এ তদন্ত কমিটি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫৪৪তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠন করা হয়েছে এ কমিটি।
মঙ্গলবার (১ আগস্ট) ৩ সদস্য এ কমিটি গঠন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত (রেজিস্ট্রার) কে এম নূর আহমদ। এ বিষয়ে কে এম নূর আহমদ বলেন, তদন্ত কমিটি গঠন করার জন্য সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছিল। সে সিদ্ধান্তের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক। এছাড়া ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য ও সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রুমান সদস্য সচিব হিসেবে আছেন। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তপদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে সহকারী প্রক্টর অরূপ বড়ুয়ার স্ত্রী অভি বড়ুয়াকে যোগ্যতা না থাকা সত্বেও পালি বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগে সুপারিশ করে নিয়োগ বোর্ড। এর পর বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর এ নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা শুরু হয়। পরবর্তীতে গত ১৪ জুলাই অনুষ্ঠিত ৫৪৪ তম সিন্ডিকেট সভায় এ নিয়োগ বাতিল করা হয়।