প্রথম বারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হচ্ছে কৃষি গুচ্ছ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।
আগামী শনিবার (৫ আগস্ট) কৃষি গুচ্ছের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাতে চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কেও কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। এদিন ৪ হাজার ৬২৯ জন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী চবি কেন্দ্রে অংশগ্রহণ করবেন।
বৃহস্পতিবার (৩ আগস্ট ) চবি প্রক্টর অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান চবি সহকারী প্রক্টর ড. আহসানুল কবীর।
এ সময় তিনি বলেন, আগামী ৫ আগস্ট চবি কেন্দ্রে গুচ্ছ ভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব। আগত শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার লক্ষ্যে যাবতীয় ব্যবস্থা গ্রহণের আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। এছাড়া পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য শাটল ট্রেনের বিশেষ শিডিউলের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা চলাকালীন সময় যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ, ফায়ারসার্ভিস, এনএসআই, ডিজিএফআই নিয়োজিত থাকবে। এছাড়াও খাবারের দাম ও গাড়ি ভাড়ার বিষয়ে প্রক্টর অফিস মনিটরিং করবে।ঝুঁকিপূর্ণ স্থান সমূহে প্রবেশরোধে নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবে।
মতবিনিময় সভায় চবি প্রক্টর ড. নুরুল আজীম শিকদার ও সহকারী প্রক্টর ড. মো. মোরশেদুল আলম উপস্থিত ছিলেন।