চট্টগ্রাম-১১ : ভোটারদের হাসিমুখই বলে দিচ্ছে জয় আমাদের, স্বতন্ত্র প্রার্থী সুমন

চতুর্থ দিন বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সল্টগলা ক্রসিং এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চট্টগ্রাম-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন।

এ সময় ডাকঘর, লোহারপুল, ধুপপুল, মিস্ত্রী পুকুর পাড়, বাকর আলী পুকুর টেক, চান্দার পাড়া, হিন্দু পাড়া, ১ নং সাইট, মাইজপাড়া, রাজ্জাকের চায়ের দোকান সড়ক, ওমর শাহ্ পাড়ায় গণসংযোগ করেন।

জিয়াউল হক সুমন বলেন, আমি সবসময় আলহামদুলিল্লাহ বলব। আমি এতটাই আনন্দিত যে, আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষ হাসিমুখে আমাকে বরণ করে নিচ্ছে, দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার কৃপায় জয় আমাদের হবে।

এ সময় নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে সুমন বলেন, আমি কোনো সংঘাত চাই না। নেত্রীর নির্দেশে আমি ভোটের মাঠে নেমেছি। জনগণ আমাকে ভালোবাসে, কাজেই আপনারা কেউই মারামারিতে জড়াবেন না, মারতে আসলে মার খাবেন’।

৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম হাসান মুরাদ, সাধারণ সম্পাদক হাজী মো হাসান, ওয়ার্ড আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সলাউদ্দিন বাদশা, প্রচার সম্পাদক এস এম বরকতউল্লাহ্, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল হুদা, সহ-প্রচার ফোরকান মেম্বার, বন ও পরিবেশ এলেম উদ্দিন, ছাত্র ও শিক্ষা বিষয় সম্পাদক শাহনেওয়াজ শানু, যুবলীগের সভাপতি আবদুল আজিম সহ অঙ্গ সংগঠনে অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।