চট্টগ্রাম-১০ উপনির্বাচন : দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

মনোনয়ন যাচাই বাছাইয়ের দিনে আজ বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল দুই প্রার্থীসহ আসনটিতে ছয় প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, মোহাম্মদ আরমান আলী ও মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া।

এ বিষয়ে নির্বাচনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, বাতিলকৃত দুই প্রার্থীর জমা দেওয়া মনোনয়ন পত্রে সমর্থন সুচক এক শতাংশ ভোটারের স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। তবে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আপিলের সুযোগ পাবেন।

গত ২ জুন সংসদ সদস্য ডা. আফছারুল আমীন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় আগামী ৩০ জুলাই এ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।

গত ২৪ থেকে ২৬ জুন আসনটির জন্য মনোনয়ন ফরম বিতরণ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ সময় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ২৯ জন।

চট্টগ্রাম-১০ আসনটি ডবলমুরিং,পাহাড়তলী ও হালিশহর নিয়ে গঠিত। ঘোষিত তফসিল অনুযায়ী, এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই।

৬ জুলাই মনোনয়নপত্র বাছাই এবং ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত আপিল দায়ের করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করবে ইসি। আর প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপন করা হবে সিসিটিভি। আগামী ৩০ জুলাই এ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।