চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের নতুন তারিখ ৩১ জুলাই

চতুর্থবারের মতো চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ জুলাই নগরীর কিং অব চিটাগাং কনভেনশন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সম্মেলনের এই তারিখ নির্ধারণ করা হয়।

সভায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীকে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটিও গঠন করা হয়েছে। এর আগে তিন দফা নগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

গত ১ অক্টোবর, ৪ ডিসেম্বর ও ১৮ ডিসেম্বর সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু তিনবারই কেন্দ্রের নির্দেশে সম্মেলনের তারিখ স্থগিত করা হয়। নগর আওয়ামী লীগের অনেক নেতা প্রশ্ন তুলেছেন, এবার কি নির্ধারিত সময়ে সম্মেলন হবে?

নাম প্রকাশ না করার শর্তে নগর আওয়ামী লীগের একজন নেতা দৈনিক দেশ বর্তমানকে বলেছেন, সম্মেলনের ধার্য্য তারিখের পরদিনই শোকের মাস আগস্ট। আর আগের দিন হলো চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন। নেতা-কর্মীরা সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন। এ অবস্থায় পরদিন নগর আওয়ামী লীগের মতো একটি বৃহৎ ইউনিটের সম্মেলন আয়োজন করা কি সম্ভব?

তবে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী, জুলাইয়ের মধ্যে সম্মেলন করতে হবে। ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচন। তাই ৩১ জুলাই সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালের ২৭ জুন নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে। ওই সম্মেলনে এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি এবং কাজী ইনামুল হক দানুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল।

২০১৩ সালের ২২ সেপ্টেম্বর কাজী ইনামুল হক দানু মারা যান। এরপর ওই বছরের ১৪ নভেম্বর কেন্দ্র থেকে ৭১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি এবং আ জ ম নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করা হয়।

২০১৭ সালের ১৫ ডিসেম্বর মহিউদ্দিন চৌধুরী মারা গেলে ১০ দিন পর সংগঠনের সিনিয়র সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীকে কেন্দ্র থেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। গত ৬ বছর ধরে তিনি আ জ ম নাছিরের সঙ্গে নগর আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে আসছেন।