চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফের স্বর্ণের দণ্ড রেখে পাচারের সময় আরেকটি চালান জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৭৩৬ গ্রাম (২৪ ক্যারেট)। যার আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা।
সোমবার (৫ জুন) সকাল সাড়ে ৯টায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যৌথভাবে পূর্বতন তথ্যের ভিত্তিতে এ চালানটি জব্দ করে। তবে স্বর্ণগুলো কার সে তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে, অভিনব কায়দায় স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নেয় এনএসআই টিম। এক পর্যায়ে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক আগমনী কনভেয়ার বেল্ট থেকে ১২টি দরজার কবজা পরীক্ষা করে স্বর্ণ সন্দেহ হয়। পরে সেগুলো পরীক্ষা করে স্বর্ণ বলে নিশ্চিত হওয়া যায়। কবজার মাঝখানের রডটি ছিল স্বর্ণের। জব্দকৃত মোট ৭৩৬ গ্রাম স্বর্ণের মূল্য ৬৩ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লম্বা দণ্ডাকৃতির স্বর্ণগুলো কৌশলে দরজার কব্জার ভেতরে লুকিয়ে আনা হয়েছে। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা।
এর আগে গতকাল (রোববার) একই কায়দায় স্বর্ণ নিয়ে আসায় আবদুল করিম সজন (৩৪) নামে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছিলেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। পরে তার লাগেজ তল্লাশি করে ৭৪৬ গ্রাম ওজনের ১২টি লম্বা দণ্ডাকৃতির স্বর্ণ, একটি ১১৬ দশমিক ৫ গ্রাম ওজনের স্বর্ণের বার, ১০০ গ্রাম ওজনের স্বর্ণের অলংকার, তিনটি মোবাইল ও দুটি ল্যাপটপ জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণ ও জিনিসপত্রের দাম ৮৫ লাখ ৩৫ হাজার ৪৩৩ টাকা।
এমএফ