চট্টগ্রাম (কদমতলী)-ফেনী রুটে চালু হয়েছে নতুন বাস সার্ভিস ‘মিরসরাই এক্সপ্রেস’।
শনিবার (২৪ জুন) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরসদরে “মিরসরাই এক্সপ্রেস’ নামের বাস সার্ভিসটি উদ্বোধন করা হয়।
মো. শাহনেওয়াজ মিয়া মিঠুর সঞ্চালনায় ও আনোয়ারুল কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।
এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকন, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, মিরসরাই এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম, জোরারগঞ্জ থানা এসআই সাজ্জাদ হোসেন, আবুল বশর, মোঃ ফারুক, তরিৎ বল, বিপ্লব প্রমুখ।
এ সময় প্রধান অতিথি মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, মিরসরাই সারা দেশে খুবই পরিচিত একটি নাম। এই পরিচিতির দুইটি কারণ রয়েছে। একটি হল আমাদের অভিবাবক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও অন্য কারণটি হলো এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর”। তাই বাস শ্রমিকদের কোন প্রকার আচরণ যাতে ‘মিরসরাই এক্সপ্রেস’ নামটিকে কলংকিত করতে না পারে আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভবিষ্যত মিরসরাই এক্সপ্রেস বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর হয়ে ঢাকা ও চট্টগ্রাম নগরে যাতায়াত করবে বলে আমি আশাবাদী।
মিরসরাই এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম জানান, মিরসরাইবাসীর দীর্ঘ দিনের দাবি ছিল একটি ভালো মানের বাস সার্ভিস চালু করা হোক। আমরা সেই লক্ষ্য পূরণে যথাসাধ্য চেষ্টা করে যাবো। মিরসরাই এক্সপ্রেস ফেনীর নিজকুঞ্জরা থেকে ছেড়ে সমিতি বাজার, বারইয়ারহাট, মস্তাননগর, মিরসরাই ও নিজামপুর হয়ে চট্টগ্রামে পৌছাবে ১ ঘন্টা ২০ মিনিটে। যা মিরসরাইয়ের অন্য কোন বাস সার্ভিসের পক্ষে সম্ভব নয়। তাই আমি মিরসরাইবাসী ও সকল যাত্রী সাধারণের সহোযোগিতা কামনা করছি। ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা।