চট্টগ্রাম ও মাদ্রাসা বোর্ডের স্থগিত ৪ পরীক্ষার তারিখ ঘোষণা

চট্টগ্রাম ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম ৪টি বিষয়ের জন্য নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।  তবে কারিগরি বোর্ডের পরীক্ষাগুলোর সূচি এখনো জানানো হয়নি।

রোববার (১৩ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।  এই চারটি বিষয়ের পরীক্ষা যথাক্রমে আগামী ২৭ সেপ্টেম্বর, ১ অক্টোবর, ৩ অক্টোবর ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানায়, মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে স্থগিত হওয়া আলিম পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষা যথাক্রমে ১ অক্টোবর, ৩ অক্টোবর, ৫ অক্টোবর ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

প্রাকৃতিক দূর্যোগের কারণে চট্রগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে বলে আগেই জানানো হয়েছিল।

তবে, অন্যান্য বোর্ডসমূহের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।