চট্টগ্রামে ১২ লাখ টাকার বিদেশি সিগারেটসহ গ্রেফতার ২

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় ১২১৩ কার্টন বিদেশি সিগারেটসহ দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (বন্দর-পশ্চিম)। জব্দকৃত সিগারেটের আনুমানিক মূল্য ১২ লাখ ৩১ হাজার টাকা।

গ্রেফতাররা হলো- বিজয় কর (৪৪) ও মো. রাজিব মিয়া প্রকাশ রাজু (২৮)।

বুধবার (২১ জুন) জালালাবাদ বালুচরা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার জালালাবাদ বালুচরা বাজার এলাকায় একটি কার্ভাডভ্যান থেকে ১২১৩ কার্টন মন্ড সিগারেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার আসামিরা খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে এসব সিগারেট সংগ্রহ করে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে বেশি দামে বিক্রির উদ্দেশে চট্টগ্রাম শহরে নিয়ে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। এ ঘটনায় বায়জিদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।