চট্টগ্রামে ব্যবসায়ীকে মারধর-দোকান লুট, গ্রেফতার ১

চট্টগ্রাম মহানগরীর মুরাদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় মো. জমির উদ্দিন (৪০) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা দোকান ভাঙচুর করে নগদ এক লাখ ২০ হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। আহত ব্যবসায়ী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২০ জুন) দুপুরের এ ঘটনায় ওই রাতেই আহত ব্যবসায়ীর ভাই জালাল উদ্দিন বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেন। মামলায় মো. শাওন (৩১) ও সুমন মিয়া (২১) নামে দুজনকে আসামি করা হয়েছে। গতকাল বুধবার (২১ জুন) সকালে পুলিশ মামলার প্রধান আসামি শাওনকে গ্রেফতার করেছে।

মামলার এজাহারে বলা হয়, গত মঙ্গলবার সকালে লেনদেন নিয়ে জমিরের সঙ্গে আসামি শাওনের কথা কাটাকাটি হয়। আসামি একটি মোবাইল ফোনে আর্থিক লেনদেনকারী কোম্পানিতে চাকরি করেন। এক পর্যায়ে শাওন স্থানীয় কিশোর গ্যাংকের সদস্যদের নিয়ে দোকানে হামলা চালায় ও জমিরকে হকিস্টিক দিয়ে মারধর করেন। হামলাকারীরা দোকানে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে, ক্যাশ ড্রয়ারে থাকা নগদ এক লাখ ২০ হাজার টাকা ও দুটি বাটন মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এসময় জমিরকে আশেপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, হত্যার উদ্দেশে ব্যবসায়ী জমিরকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। শাওন ও সুমন মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়েছে। শাওনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।