চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকার বিটেক মোড়ে কিংশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে দুই যুবক খুনের ঘটনায় মূলহোতা ইলিয়াছসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাদের বিস্তারিত ঠিকানা এখনও পাওয়া যায়নি।
সোমবার (৮ মে) রাতভর অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পাহাড়তলী থানার ওসি (তদন্ত) রোজিনা আক্তার বলেন, ঘটনার পর রাতভর অভিযান পরিচালনা করে পুলিশ। মূল অভিযুক্ত ইলিয়াছকে চকরিয়া থেকে রাতেই গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, একটি হত্যা মামলা রুজুর প্রস্তুতি চলছে। মামলাটির বাদী নিহত এক যুবকের বাবা মনির হোসেন।
জানা গেছে, সোমবার (৮ মে) সন্ধ্যায় নারী সংক্রান্ত বিষয়ের জের ধরে দু’পক্ষের মধ্যে মারামারির একপর্যায়ে পায়ে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত হন মাসুম (৩০) ও সবুজ (২০) । পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান।