চট্টগ্রামে তিন তারকা হোটেলের কাঁচ ভেঙে গেস্টের মোবাইল চুরি

চট্টগ্রাম নগরীর জুবলি রোডে হোটেল টাওয়ার ইন-এর পঞ্চ তলার একটি কক্ষের জানালার কাঁচ ভেঙে গেস্টের মোবাইল চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (১২ আগস্ট) ভোরে হোটেলটির পঞ্চম তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

তবে হোটেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো খারাপ ব্যবহার করার অভিযোগ তুলেন ভুক্তিভোগী। পুলিশও জানায়, এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষ তাদের কিছু জানায়নি।

ওই কক্ষে থাকা অবস্থান করছিলেন ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সার্কুলেশন বিভাগে কর্মরত তৌফিক আহমেদ।

তিনি বলেন, অফিসের কাজে আমি চট্টগ্রামে আসি। শুক্রবার দুপুরে হোটেলের ৫০৬ নম্বর কক্ষে উঠি। কাজ সেরে রাত ১টার কক্ষে ঢুকে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি জানালার কাঁচ ভাঙা। আমার মোবাইল ফোনটি উধাও।

তিনি আরও বলেন, হোটেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোন প্রকার পদক্ষেপ নিচ্ছে না। তারা শুধু দুঃখ প্রকাশ করেছে। হোটেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললে সহকারী ব্যবস্থাপক রাজীব চক্রবর্তী উল্টো আমার সাথে খারাপ ব্যবহার করেন।। তারা আইনি পদক্ষেপ না নেওয়ায় আমি কোতোয়ালী থানায় জিডি করেছি।

নগরীর জুবলি রোডে অবস্থিত হোটেল টাওয়ার ইন তিন তারকা মানের হোটেল। এখানে প্রায় ১১০টি কক্ষ আছে। এছাড়া রেঁস্তোরা ও বার আছে। এই হোটেলে আগে ক্রিকেটাররা অবস্থান করতেন।

গত মাসে ক্রিকেটার তামিম ইকবালও আলোচিত সংবাদ সম্মেলন এ হোটেলে করেছিলেন।

হোটেল টাওয়ার ইনের সহকারী ব্যবস্থাপক রাজীব চক্রবর্তী বলেন, আমরা সকালে জানালা ভাঙা দেখেছি। আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোন কিছু করার নেই।

হোটেল টাওয়ার ইনের জেনারেল ম্যানেজার আবদুল বারীকে সন্ধ্যা ৬টার দিকে ফোন করলে তিনি বলেন, এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া যায়, তা দেখছি। আইনি পদক্ষেপ নিচ্ছি।

কোতোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, হোটেল কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি। হোটেল মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে হোটেল কর্তৃপক্ষকে মামলা করতে হবে।