চট্টগ্রামের ইপিজেড থানার আকমল আলী সড়ক এলাকা থেকে রেশমি দত্ত (২১) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (৩১ জুলাই) বিকেল ৫টার দিকে সাথী হোটেল সংলগ্ন নুর ইসলাম চৌধুরীর বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রেশমি দত্ত আনোয়ারা উপজেলার আনোয়ারা থানার দীপক দত্তের কন্যা। তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। রেশমি তার মা-বাবা ও ছোটো ভাইয়ের সাথে ওই বিল্ডিংয়ে ভাড়ায় থাকতো।
পুলিশ জানায়, দুপুর ২টার দিকে নিজ ঘরের দরজা আটকিয়ে দেয় রেশমি। এরপর হঠাৎ তার পরিবারের লোকজন তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়।
ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে বিকেলে সেখানে গিয়ে লাশটি উদ্ধার করি। সে সরকারি কমার্স কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। কি কারণে আত্মহত্যা তার কারণ জানা যায়নি। পরিবারের লোকজন আমাদেরকে বলেছে, দুপুর ২টার দিকে নিজ রুমে গিয়ে ভেতর থেকে আটকে দেয় রেশমি। এরপর তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে আমাদের খবর দেয়৷’
ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হচ্ছে বলেও জানান তিনি।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘ইপিজেডের একটি ভাড়া বাসা থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।’