চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকার পাথরঘাটা সিটি কর্পোরেশনের সেবক কলোনিতে অগ্নিকাণ্ডে দগ্ধ তিন বোন মারা গেছে। তাদের মৃত্যুতে কলোনিতে নেমে এসেছে এক বিষাদের ছায়া। মা-বাবার আহাজারিতে ভারী হয়ে ওঠেছে পরিবেশ। আদরের তিন কন্যাকে হারিয়ে মুর্ছা যাচ্ছেন আরতি দাশ। কোনো সান্তনা দেওয়ার ভাষাই যেন হারিয়ে ফেলেছেন প্রতিবেশিরা।
নিহত সারথি রানী দাশ (১৭), সাকসি রানী দাশ (১৩) ও হ্যাপি রানী দাশ (৬)। তিনজনই সেবক কলোনির মিঠুন-আরতি দম্পতির মেয়ে।
মিঠুন ও আরতি দুজনই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। ঘটনার দিন ২০ জুন তারা দুজনই সকালে কাজে গিয়েছিলেন। যাওয়ার সময় ছোট্ট আড়াই বছরের সুইটিকে দুধ খাওয়ানোর জন্য বড় দুই মেয়েকে বলে যান তারা। সকালে দুধ গরম করতে গিয়ে গ্যাসের চুলায় আগুন লেগে যায়। মূলত ছোটবোনকে আগুন থেকে রক্ষা করতেই তিন বোন বেশি দগ্ধ হয়। এতে সুইটি রক্ষা পায়।
গত ২৪ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মেজ মেয়ে সাকসী দাস (১১)। ৩০ জুন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় সারথি দাশ। ১২ জুলাই (বুধবার) সকালে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হ্যাপি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, দগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। ছোটজনের তেমন সমস্যা ছিল না। কানের পাশে সামান্য দগ্ধ হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অন্য তিনজনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকায় পাঠানো হয়। একজনকে হাসপাতালের আইসিউতে রাখা হয়েছিল। পরে চিকিৎসাধীন মেয়েটি মারা যায়।