কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠানে ধান মাড়াই করার সময় বন্যহাতির আক্রমণে কবির আহমদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহওমরনগর পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। কবির আহমদ ওই এলাকার অলি আহমদের ছেলে।
জানা যায়, রাতে বাড়ির উঠানে ধান মাড়াই করছিলেন কবির আহমদ। এসময় পেছন থেকে একটি বন্যহাতি এসে শুঁড় দিয়ে আছড়িয়ে গুরুতর আহত করে তাকে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবির আহমদকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক অরুপ কুমার চৌধুরী (তদন্ত) বলেন, বন্যহাতির আক্রমণে কবির আহমদ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।