গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে দু-একদিন সময় লাগবে

গ্যাসের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে দু-একদিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, বিদেশি ডুবুরি আসবে, তারা গিয়ে কাজ করবেন। তবে আমরা মনে করি যে, আল্লাহর অশেষ রহমতে আমরা ওই রকম ক্ষতিগ্রস্ত হইনি। শীঘ্রই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো। আরও এক-দুদিন সময় লাগতে পারে।

রোববার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, একটা ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা ভাসমান এলএনজি টার্মিনাল সরে গেছে। আরেকটি রয়ে গেছে। যেটা রয়ে গেছে, সেটি দিয়ে আমরা দু-তিনদিনের মধ্যে গ্যাস চালু করতে পারবো। যেটা খুলে গেছে, সেটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে।

এফএসআরইউ সরে যাওয়ায় গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, একটি এফএসআরইউ হয়তো আমরা ঠিক করতে পারবো না, ৪০০ ঘনফুট গ্যাসের ঘাটতি থাকবে। আমি মনে করি, এখনকার পরিস্থিতি থাকবে না, উন্নতি ঘটবে। তবে কিছু কিছু জায়গায় প্রভাব থাকবে। সেটা খুব বেশি না। শনিবার রাত থেকে কিছু সমস্যা দেখা দিয়েছিল, এটা কাভার করে আগামী দুদিনের মধ্যে ভালো অবস্থানে যেতে পারবো।

দুটি এফএসআরইউ পুরোদমে চালু হতে কতদিন লাগবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, দুটি চালু হতে সময় লাগবে। একটা চালু হয়ে যাবে। আগামী দুদিনের মধ্যে জাহাজ চলে আসবে, গ্যাস আমরা দিতে পারবো। আরেকটি চালু হতে ১২-১৫ দিন সময় লাগবে।