গৃহায়ন কর্তৃপক্ষের দেলোয়ার গ্রেপ্তার সনদ জালিয়াতির দায়ে

সনদ জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) উচ্চমান সহকারী দেলোয়ার হোসেন গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ আগস্ট) সচিবালয়ে তদন্ত শেষে তার বিরুদ্ধে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার বিকেলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন সাংবাদিকদের বলেন,  দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ ছিল। সে বিষয়ে মন্ত্রণালয়ে শুনানি করা হয়। তদন্তে প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সচিব বলেন, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ফাইল আটকে রাখা, ফাইল গায়েব করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অনিয়ম করে তিনি সম্পদের পাহাড় গড়েছেন। বিদেশে বাড়ি করার অভিযোগও রয়েছে। তিনি যেন বিদেশে যেতে না পারেন সে বিষয়ে আমরা ইমিগ্রেশনকে চিঠি লিখেছি।

এ বিষয়ে দেলোয়ারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা। আমার নামে কেউ কোনো ডকুমেন্টস বা অভিযোগ দিয়েছে? দেয়নি।

আপনাকে কেন আটক করা হলো- জানতে চাইলে তিনি বলেন, সচিব (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব) স্যারকে জিজ্ঞেস করেন। আমার কিচ্ছু নেই। সবই ভিত্তিহীন, সবই মিথ্যা। সবকিছু মিথ্যা। কোনো লিখিত অভিযোগ কি আছে আমার বিরুদ্ধে? আমি এরকম কোনো কিছু করিনি।