গুজরাট হাইকোর্টে রাহুল গান্ধীর আপিল খারিজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে মন্তব্যের কারণে মানহানির মামলায় গুজরাট হাইকোর্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আপিল খারিজ হয়েছে।  এখন তিনি ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।  শুক্রবার (৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।  মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর পার্লামেন্টের নিম্ন কক্ষ লোকসভার সদস্য পদ ধরে রাখার যোগ্যতা হারিয়েছেন রাহুল।

২৩ মার্চ সুরাটের সিজেএম আদালত ‘মোদি উপাধি’ সম্পর্কে ২০১৯ সালে করা মন্তব্যের জেরে মানহানি মামলায় রাহুলকে ৫০৪ ধারার অধীনে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়।  ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় কর্ণাটকের কোলারে একটি সমাবেশে রাহুল গান্ধী বলেছিলেন, ‘সব চোরদের পদবি কীভাবে মোদি হতে পারে? ’

এ নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন বিজেপি বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পূর্ণেশ মোদি।

গুজরাটের আদালত রাহুলকে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে ৩০ দিনের সময় দিয়েছিল।  তিনি আপিল করেছিলেন।  কিন্তু ওই আপিলে তিনি হেরে যান।  এর ফলে এমপি থাকার যোগ্যতা হারান।

শুক্রবার কংগ্রেস বলেছে, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন রাহুল গান্ধী।

আদালতের নির্দেশ অনুসারে, সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে গ্রেফতার করা হবে না।

শুক্রবার গুজরাট হাইকোর্টের এই সিদ্ধান্ত রাহুলের জন্য বড় ধাক্কা।  এর অর্থ হলো ভারতের আগামী লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হতে পারবেন না।

আপিল খারিজের সময় গুজরাট হাইকোর্ট বলেছে, রাহুলের বিরুদ্ধে রায় ছিল ন্যায্য ও উপযুক্ত।