গাজীপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

গাজীপুরের শ্রীপুর ও সদর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ, ২০২৬) বিকেলে গাজীপুর সদরের ভবানীপুর এলাকার ‘পুস্পবন ধাবা হাইওয়ে এন্ড বাংলা রেস্টুরেন্ট’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার আমীর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি তার বক্তব্যে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। দেশের সংকটময় মুহূর্তে তারা সত্য প্রকাশে যে সাহসী ভূমিকা পালন করেন, তা জাতি সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।” তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন ও ইনসাফ কায়েমের রাষ্ট্র গঠনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনী অপরিহার্য।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান।

অনুষ্ঠানে শ্রীপুর ও গাজীপুর সদরের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে সম্প্রতি প্রয়াত সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফেরাত এবং অসুস্থদের সুস্থতা কামনা করা হয়।

এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।