গাজীপুরে পৃথক পৃথক স্থানে অগ্নি সংযোগ ও পেট্রোল বোমা, ককটেল উদ্ধার

গাজীপুর মহানগরের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত থেকে রোববার (২৯ অক্টোবর) সকাল পর্যন্ত এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে। অপরদিকে, গাজীপুরের শ্রীপুর থানায় অবিস্ফোরিত পেট্রোল বোম ও ককটেল উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

জানা গেছে, শনিবার রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে শনিবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে ৪-৫ জন যুবক মোটরসাইকেলে করে এসে আজমির পরিবহনের একটি দাঁড়িয়ে থাকা বাসের গ্লাস ভাঙচুর করতে শুরু করে। এক পর্যায়ে বাসটিতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তকারী।এদিকে,শনিবার রাত ১০ টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের ভাদার্ত্তী এলাকার চায়না ফ্যাক্টরির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। রবিবার(২৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মাওনা চৌরাস্তা পল্লী বিদুৎ মোড় এলাকায় ৪টি গাড়ি ভাঙচুর এর ঘটনা ঘটে। এঘটনার পরপরই গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এদিকে, শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় জপ্তার পুকুরের পশ্চিম পাড়ে রফিকুল ইসলামের বালির গদি ঘরের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাকা রাস্তার উপর দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটি আতঙ্ক সৃষ্টি করে। পরে থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে ৫টি অবিস্ফোরিত পেট্রোল বোমা ও ৫টি ককটেল উদ্ধার করে । এ ঘটনায় রাতে বেশ কয়েকজনকে শ্রীপুর থানা পুলিশ আটক করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, ১৯০৮ সালরে বিস্ফোরক দ্রব্য আইনে ১৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।