গাজায় এক রাতে নিহত ৫৫ পশ্চিম তীরে মসজিদে হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছেন। গাজার শাসক হামাস গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় হামলা জোরদার করার ঘোষণা দেয়। এ ঘোষণার ধারাবাহিকতায় গাজায় হামলা বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজায় রাতভর ইসরায়েলি হামলার বিষয়ে আজ হামাস সরকারের প্রেস দপ্তর একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকায় রাতভর ইসরায়েলি বোমা হামলায় ৫৫ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র গাজায় হামলা বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে গাজায় হামলা জোরদার করে ইসরায়েল। এই হামলায় গাজায় ৩০টির বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় গাজায় ৪ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি।
পশ্চিম তীরে মসজিদে হামলা
অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর দাবি, ওই মসজিদের নিচের বাংকার ব্যবহার করে জঙ্গিরা সংগঠিত হামলা চালাত। স্থানীয় সময় গতকাল রোববার ভোরে জেনিনের একটি আশ্রয়শিবিরে অবস্থিত আল-আনসার নামের ওই মসজিদে হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি চিকিৎসকেরা জানিয়েছেন, হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। গত কয়েক দিনের মধ্যে পশ্চিম তীরে চালানো ইসরায়েলি বাহিনীর অন্তত দ্বিতীয় হামলা এটি।
ইসরায়েলের দাবি, আল-আনসার মসজিদের নিচে বাংকার ব্যবহার করতেন হামাস ও ফিলিস্তিনের আরেক সংগঠন ইসলামিক জিহাদের সদস্যরা, যাঁরা সাম্প্রতিক মাসগুলোয় ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হামলার জন্য দায়ী।
ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি গোয়েন্দারা যে তথ্য জানতে পেরেছিলেন, তা ইঙ্গিত দিচ্ছিল যে শিগগিরই ওই বাংকার থেকে সন্ত্রাসীরা হামলা করতে যাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী একটি ছবি প্রকাশ করেছে, তাতে মসজিদের নিচে বাংকারের একটি প্রবেশদ্বার দেখা যাচ্ছে। একটি নকশাও প্রকাশ করা হয়েছে, যাতে দেখানো হয়েছে বাংকারের কোথায় অস্ত্র মজুত করে রাখা হয়েছিল। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হামলায় অন্তত এক ফিলিস্তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
আশ্রয়শিবিরের বাসিন্দারা জানিয়েছেন, হামলার আগে তাঁরা ইসরায়েলি বাহিনীর কাছ থেকে সতর্কবার্তা পেয়েছিলেন, যাতে তাঁরা নিরাপদ দূরত্বে সরে যেতে পারেন।
৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় এ পর্যন্ত অন্তত ৪ হাজার ৩৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা অবরুদ্ধ করে টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে, হামাসের হামলায় বিদেশি নাগরিকসহ ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল।