চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি থেকে আগস্ট) তিন হাজার ৫৬২টি সড়ক দুর্ঘটনায় তিন হাজার ৩১৭ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন পাঁচ হাজার ১৭২ জন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা জানায় নিরাপদ সড়কের দাবিতে কাজ করা সংগঠনগুলোর জোট রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ। সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সংগঠন নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। লিখিত বক্তব্যে বলা হয়, পথচারীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাংলাদেশের সড়ক। প্রায় প্রতিদিনই তারা দুর্ঘটনার শিকার হচ্ছে। বিআরটিএ বলছে, এ বছরের প্রথম ৮ মাসে ৩ হাজার ৫৬২টি সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৩১৭ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন, ৫ হাজার ১৭২ জন। তবে দেশে সড়ক দুর্ঘটনার হিসাব বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা হয় না। বাংলাদেশ পুলিশের হিসাবে গত বছর ৫ হাজার ৮৯টি দুর্ঘটনায় ৫ হাজার ৬৩৬ জন মারা গেছেন। আর নিরাপদ সড়ক চাই-এর হিসাবে, একই সময়ে ৭ হাজার ২৪টি দুর্ঘটনায় ৮ হাজার ১০৪ জন মারা গেছেন। সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও মৃত্যুর হার কমিয়ে আনতে নতুন সড়ক নিরাপত্তা আইনের দাবি জানিয়েছে সংগঠনটি। তাদের মতে দুর্ঘটনায় আচরণগত কারণে পাঁচটি মূল ঝুঁকি আছে। অতিরিক্ত গতি, মানসম্মত হেলমেট ব্যবহার না করা, সিটবেল্ট ব্যবহার না করা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও শিশুদের জন্য নিরাপদ আসনের অনুপস্থিতি। এসব আচরণগত বিষয় বিবেচনায় নিয়ে নিরাপদ ব্যবস্থা গড়ে তুলতে যথাযথ আইন ও নীতিমালা করা হলে সড়ক নিরাপদ হবে বলে মনে করছে তারা।