গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত কয়েক বছর ধরে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এই বাংলাদেশের মানুষ যে সংগ্রাম, যে লড়াই শুরু করেছে, সেই লড়াই এখন তীব্র গতিতে চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে।’
শনিবার (৩ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘শহীদ জিয়ার জীবনভিত্তিক বই মেলা ও চিত্র প্রদর্শনী’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।
ফখরুল বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ করেছেন, ইতোমধ্যে ১৭ জন মানুষ রাজপথে রক্ত দিয়েছে, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, গুম হয়েছে, তারপরও মানুষ থেমে নেই। গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, লড়াই করছে। আজকে আবার জিয়াউর রহমানকে মনে করে তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে আমাদের আবার উঠে দাঁড়াতে হবে। উঠে আমরা দাঁড়িয়েছি, সেটা সংগঠিত করতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে দেখুন আমাদের আন্দোলন কতটা সফল হয়েছে, বিশ্বব্যাপী স্বীকৃত যে এই সরকার গত ১৪ ও ১৮ সালে যে নির্বাচন হয়েছে তাতে এই সরকার জালিয়াতি করেছে, চুরি করেছে এবং জনগণের মতামতকে সেখানে প্রাধান্য দেওয়া হয়নি। প্রমাণিত হয়েছে বলেই আজকে সুষ্ঠু নির্বাচনের জন্য…আমার গণতন্ত্রের জন্য, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। আমরা জানি আমাদের অভিজ্ঞতা থেকে এই বাংলাদেশে কোনো দিনই অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে না যদি আওয়ামী লীগের এই সরকার ক্ষমতায় থাকে।’
তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলেছি, অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে হবে। সেটাই রাজনৈতিক সংকট উত্তরণের একমাত্র পথ। এই জাতিকে রক্ষা করার একমাত্র পথ,’ বলেন ফখরুল।