খোলা বাজারে ডলার ১২৮ টাকা
ব্যাংক রেট উপেক্ষা করে ব্যাংক ডলার কিনলে কেন্দ্রীয় ব্যাংক কঠোর শাস্তি দেবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র
খোলা বাজারে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত দামের চেয়ে প্রায় ১৫ টাকা বেশি অর্থাৎ প্রতি ডলার ১২৮ টাকায় বিক্রি হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা খোলা বাজারে ডলারের এই রেকর্ড দাম সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে উচ্চ হারে ডলার লেনদেনের পেছনে থাকা অবৈধ ডলার ব্যবসায়ীদের বিষয়ে খোঁজখবর করা হচ্ছে বলে জানান তারা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, “অতিরিক্ত হারে ডলার কিনতে ব্যাংকগুলোকে কঠোরভাবে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।” তিনি বলেন, “ব্যাংক রেট উপেক্ষা করে ব্যাংক ডলার কিনলে কেন্দ্রীয় ব্যাংক কঠোর শাস্তি দেবে।” খোলা বাজারে লাগামহীনভাবে বাড়ছে মার্কিন ডলারের দাম। এর বিপরীতে তিন দিন পর খোলা বাজারে ডলারের দাম বেড়েছে তিন টাকা। শনিবার খোলা বাজারে প্রতি মার্কিন ডলার বিক্রি হচ্ছে ১২৭ টাকায়। এর আগে, বুধবার (৮ নভেম্বর) কার্ব মার্কেটে প্রতি ডলার বিক্রি হয়েছে ১২৪ টাকায়। মানি এক্সচেঞ্জারদের জন্য বাংলাদেশ ব্যাংক ডলারের ক্রয়মূল্য নির্ধারণ করেছে ১১৩.৭৫ টাকা ও বিক্রয়মূল্য ১১৫.২৫ টাকা। তবে এই দামে কোনো মানি এক্সচেঞ্জে ডলার লেনদেন হচ্ছে না। মানি এক্সচেঞ্জগুলোতে ডলারের লেনদেন না হলেও মতিঝিল, দিলকুশা, পল্টন, ফকিরাপুল এলাকার বিভিন্ন দোকান ও রেস্তোরাঁ থেকে শনিবার ক্রেতারা প্রতি ডলার ১২৮ টাকা দরে কিনেছেন। এ বিষয়ে বাংলাদেশ মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব হেলাল সিকদার বলেন, “বাংলাদেশ ব্যাংকের নির্ধারণ করে দেয়া দরে ডলার লেনদেন হচ্ছে না। গ্রাহক আসে এবং ডলার না পেয়ে ফিরে যায়। তারা অবৈধ ব্যবসায়ীদের কাছ থেকে চড়া দামে ডলার কিনতে বাধ্য হয়।”