খুলনায় ট্রেন-পিকআপ সংঘর্ষে নিহত ১

খুলনায় ট্রেন-পিকআপ সংঘর্ষে  আফজাল শেখ (৬১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৮ মে) ভোরে খুলানার খানজাহান আলী থানা এলাকার আফিলগেট বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। নিহত আফজাল শেখ গোপালগঞ্জের মৃত মুনসুর আলীর ছেলে। এ ঘটনায় তার ভাই চালক নুর ইসলাম শেখও  আহত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে  খুলনা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির হোসেন জানান, সোমবার ভোর ৫টার দিকে আফিলগেট বাইপাস সড়কে চিলাহাটী থেকে ছেড়ে আসা রকেট ট্রেনের সঙ্গে মুরগি বহনকারী পিকআপের সংঘর্ষ হয়। ট্রেনের ইঞ্জিন পিকআপটিকে বেশখানিক দূরে টেনে নিয়ে যায়।

ফলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিসের সহায়তায় পিকআপ থেকে হেলপার আফজাল শেখ ও চালক নুর ইসলাম শেখকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে আফজাল শেখ মারা গেছেন।  নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া আহত নুর ইসলাম একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর তিন গেটম্যানের একজনকেও পাওয়া যায়নি।