খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ১৫ জুন

১১টি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছেন আদালত। শুনানির জন্য ধার্যকৃত নতুন তারিখ ১৫ জুন।

সোমবার (১৫ মে) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের-২ নম্বর ভবনে স্থাপিত ঢাকার মহানগর দায়রা মো. আছাদুজ্জামানের আদালতে মামলাগুলো শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু হাইকোর্ট খালেদা জিয়ার পক্ষে অধিকাংশ মামলার কার্যক্রম স্থগিত রয়েছে জানিয়ে সময় আবেদন করেন তার আইনজীবীরা। আদালত সময় আবেদন মঞ্জুর করে নতুন করে এই তারিখ ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতে পাবলিক প্রসিকিউটরই তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন।

মামলাগুলোর মধ্যে রাজধানীর দারুস সালাম থানার নাশকতার ৮ মামলা, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলাসহ দুই মামলা ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা। ১১ মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। অপর ১০ মামলায় চার্জ শুনানির দিন ধার্য ছিল।

খালেদা জিয়ার বক্তব্যকে দেশদ্রোহী অ্যাখ্যা দিয়ে ২০১৬ সালের ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন।

এ ছাড়াও ২০১৫ সালের ২৪ জানুয়ারি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় যাত্রীবাহি বাসে আগুন দিয়ে নুর আলম নামে এক যাত্রীকে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দু’টি মামলা করা হয়। একই বছর বিভিন্ন সময় দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগ এসে দারুস সালাম থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে আটটি মামলা দায়ের করা।