ক্ষমতার মালিক বিদেশিরা নয়, জনগণ : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন অসম্ভব চিন্তা আওয়ামী লীগ করে না। কারণ দেশের ক্ষমতার মালিক বিদেশিরা নয়, বরং মালিক হলো দেশের জনগণ। সুতরাং ক্ষমতায় বসাতে হলে বসাবে দেশের জনগণ।

মঙ্গলবার (১৬ মে) বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান দুলুর (ফারুক) মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ফারুকের বেশ কয়েকটি চলচ্চিত্র আমার কাছে ভালো লেগেছে। তিনি ভালো লাগার মতোই নায়ক ছিলেন। তার লাইফটা ছিল কালারফুল। একদিকে ভালো নায়ক অন্যদিকে রাজনীতিবিদ। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ।

তিনি বলেন, তিনি (মির্জা ফখরুল) মনে করছেন পশ্চিমারা তাকে ক্ষমতায় বসাতে পারবে, তার দলকে ক্ষমতায় বসাতে পারবে। সে কারণে ঘন ঘন তাদের দুয়ারে ধর্ণা দিচ্ছেন। নালিশ করছেন, লবিস্ট নিয়োগ করছেন। আওয়ামী লীগের এবং শেখ হাসিনার কোনো লবিস্ট নেই। বিদেশিরা এসে ক্ষমতায় বসিয়ে দেবে, এমন কোনো অসম্ভব চিন্তা শেখ হাসিনা করেন না।

তিনি বলেন, ক্ষমতায় বসার মালিক বাংলাদেশের জনগণ। আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি। শেখ হাসিনা নিজেই বলেছেন, আমরা ক্ষমতায় আসতে চাই জনগণের ভোটে। জনগণ চাইলে আছি, না চাইলে নাই। এই মানসিকতা যার, সে বিদেশি বা দেশীয় ষড়যন্ত্রকারীদের ভয় পাবেন, এটা ভাবার কোনো কারণ নেই।