কোনো দল না এলেও নির্বাচন হবে: ইসি আনিছুর

কোনো দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। তিনি বলেছেন, “নির্বাচন যথাসময়েই হবে। কোনো দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচন হবে, সেই লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে।” বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সিলেট ও সুনামগঞ্জের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি নির্বাচনে না এলে প্রভাব পড়ার কোনো আশঙ্কা আছে কি-না জানতে চাইলে ইসি আনিছুর রহমান বলেন, “গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৭০% দল নির্বাচনে অংশগ্রহণ করবে। যদিও কত ভাগ সেটি কমিশন বিশ্লেষণ করেনি। যদি ৭০%-ই অংশ নেয়, তবে নির্বাচনে প্রভাব পড়ার কোনো কারণ নেই।” জাতীয় পার্টি নির্বাচন পেছানোর আহ্বান করছে বলে শোনা যাচ্ছে। এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টি আসেনি। যদি আসে এবং যৌক্তিক কোনো কারণ থাকে তবে আমরা তা আলোচনা করে দেখব।” তাদের তালিকায় ৪৪টি রাজনৈতিক সংগঠন রয়েছে জানিয়ে ইসি বলেন, “১০০% দল কখনোই নির্বাচনে অংশগ্রহণ করেনি, এমনটা ইতিহাস বলে। যখন অধিকাংশ দল নির্বাচনে আসে, তখন একটা আমেজ সৃষ্টি হয়। আমাদের রেজিস্টার্ড আছে ৪৪টি দল। আমরা চাই তারা সবাই অংশগ্রহণ করুক। ৩০ নভেম্বর পর্যন্ত নমিনেশন পেপার জমা দেওয়ার সময় আছে।”