কুমিল্লায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ৬ জুলাই) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর ষাটকলোনি এলাকায় বাড়ির পাশের কৃষি জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।
এরা হলেন—ষাটকলোনি এলাকার রওশন আলীর ছেলে আরাফাত হোসেন (৮) ও মনির হোসেনের ছেলে মো. সায়েম (৭)।
স্থানীয়রা জানায়, ষাটকলোনি এলাকার জমিগুলো থেকে মাটি ব্যবসায়ীরা এলাকার মানুষদের ভয়ভীতি দেখিয়ে তাদের জমিতে ফসল করতে বাঁধা দেয়। বিনিময়ে তাদের কিছু টাকা দিয়ে ফসলি মাটি উত্তোলন করে বিজয়পুরসহ আশপাশের এলাকার বিভিন্ন ইটভাটায় মাটি বিক্রি করা হতো। এই মাটি জমি থেকে কেটে নেওয়ার ফলে জমিগুলোতে বিশাল আকৃতির গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে বৃষ্টির পানিতে গর্তগুলো ভরে যাওয়ায় সেখানে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকার ইউপি সদস্য যুবরাজ মিয়া বলেন, আমি মনে করি এই ঘটনার জন্য দায়ী যারা এই ফসলী জমি কেটে জলাশয় বানিয়েছে- তারা। তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হোক।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে দেওয়া হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
এদিকে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুমিল্লা নগরীর উজিরদিঘিতে ডুবে আরাবী আক্তার (৮) নামে এক শিশু মারা যায়।
আরাবীর মামা নগরীর পুরাতন চৌধুরীপাড়ার বাসিন্দা কাজী অনিক ইসলাম জানান, তার বোনের সঙ্গে ভাগনি আরাবী গত সোমবার কুমিল্লায় বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে খেলতে গিয়ে দিঘির পানিতে ডুবে মৃত্যু হয় তার।