কাফরুল থানা গেটের সামনে বাসে আগুন

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুর কাফরুল থানার গেটের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুকুল আলম। প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক বেলা ৩টা ৪০ মিনিটের দিকে কাফরুল থানার গেটের সামনে একটি বাসে আগুন জ্বলতে দেখা গেছে। বাসটির পেছনে আগুন জ্বলছিল। তখন কয়েকজন লোক বাসটির আগুন নেভানোর চেষ্টা করছিল। ওসি মো. ফারুকুল আলম অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “বিকেল ৩টার পর ‘তিতাস’ নামে একটি বাসকে ধাওয়া দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের পেছনে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থল কাফরুল থানার কাছাকাছি থাকায় নিরাপত্তার জন্য চালক বাসটিকে চালিয়ে থানার গেটের সামনে নিয়ে আসেন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।”