কাতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রুয়ান্ডার প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে। কাতারে ইকোনমিক ফোরামের ফাঁকে স্থানীয় সময় মঙ্গলবার (২৩ মে) রাতে দোহার র‌্যাফেলস টাওয়ারে এই সাক্ষাৎ হয়।

সাক্ষাৎ শেষে রুয়ান্ডার প্রেসিডেন্টকে উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বৈঠকে কাগামে শেখ হাসিনাকে বলেন, তিনি সবসময় বাংলাদেশের উন্নয়নের গল্প শোনেন এবং তিনি বাংলাদেশ সফর করতে চান। তিনি বলেন, আমরা বাংলাদেশকে নিয়ে খুব গর্বিত।

রুয়ান্ডার প্রেসিডেন্টকে উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ এবং আপনি (শেখ হাসিনা) খুব ভালোভাবে দেশ পরিচালনা করছেন। পরে প্রধানমন্ত্রী কাগামেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

শেখ হাসিনা পল কাগামের প্রশংসা করে বলেন, তার ভালো নেতৃত্বের কারণে আফ্রিকায় রুয়ান্ডা খুবই ভালো অবস্থানে রয়েছে। তিনি কাগামেকে বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সমস্যা তৈরি করেছে এবং যা বাংলাদেশ, রুয়ান্ডার মতো দেশগুলোকে সতর্কবার্তা দিয়েছে। আমরা যদি একে অপরকে সহযোগিতা করি, তবে আমরা এই ধরনের পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো, প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন পররাষ্ট্রমন্ত্রী।