রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপি নেতারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এরপর পুলিশ বিএনপি নেতাকর্মীদের দিকে কাঁদানে গ্যাস ছুড়তে শুরু করে।
শনিবার (২৮ অক্টোবর) বেলা ১টার কিছু আগে এ ঘটনা শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা কাকরাইল মসজিদের সামনের পুলিশ বক্স ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।
কাকরাইল মসজিদের সামনের এলাকায় অনেক সময় ধরেই বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে উত্তেজনা চলছিল।
এর আগে বেলা সোয়া ১২টার দিকে কাকরাইল মসজিদের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বহনকারী একটি বাস ও দুটি পিকআপে হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা বাস ও পিকআপ ভাঙচুর চালান। আওয়ামী লীগের অভিযোগ, বিএনপি নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।