সাধারণত আম্বানিদের বাড়ির অনুষ্ঠান মানেই হাজির গোটা বলিউড। আর যখন একই মঞ্চে তিন খান একসঙ্গে, তখনতো কথাই নেই।
কাঁধে কাঁধ মিলিয়ে নাচলেন বলিউডের তিন খান। এ দৃশ্য দেখা গেল ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিবাহের অনুষ্ঠানে। শাহরুখ, সালমান ও আমিরের নাচের বিরল এই দৃশ্য সামাজিক মাধ্যমে এখন ভাইরাল!
এদিন একই রঙের পোশাক পরেছিলেন শাহরুখ-সালমান। দুজনেই পরেছিলেন আফগানি স্টাইলের কালো পায়জামা ও কুর্তা। আর আমির খান পরেছিলেন সবুজ কুর্তা।
নাচের মুহূর্তগুলো বেশ উপভোগ করেছেন তিন খান। ‘নাটু নাটু’ গানে হাসি মুখে একে অপরের সঙ্গে নাচে পা মেলালেন। আবার একে অপরের সিগনেচার পোজ নকলও করলেন তারা।
‘নাটু নাটু’ ছাড়াও সালমান, আমির এবং শাহরুখকে ‘ছাইয়া ছাইয়া’, ‘মুজসে শাদি করোগি’ থেকে টাওয়াল ডান্স, ‘জিনে কে হ্যায় চার দিন’ আর ‘রং দে বাসন্তি’-এর ‘মাস্তি কি পাঠশালা’-গানের স্টেপে নাচতে দেখা যায়।
তিন খান ছাড়াও বলিউডের আরও অনেক তারকাকে এই অনুষ্ঠানে দেখা গেছে। এদের মধ্যে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, সাইফ আলি খান, কারিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, অনন্যা পান্ডে এবং আদিত্য রায় কাপুর, রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর এবং আলিয়া ভাট।
আম্বানি পরিবারের অনুষ্ঠানকে অনুষ্ঠান না বলে উৎসব বলা যায়। যদিও এখন চলছে অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের প্রাক্ বিবাহ অনুষ্ঠান। আনুষ্ঠানিকভাবে জুলাই মাসে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি।