ফিলিপাইনে শান্তিতে নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসাকে কর ফাঁকির মামলা থেকে অব্যাহতি দিয়েছেন দেশটির আদালত। একই মামলা থেকে তার প্রতিষ্ঠান র্যাপলারকেও খালাস দেওয়া হয়েছে। রেসার মামলা থেকে অব্যাহতি পাওয়াকে সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য বিজয় হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স। রেসার মামলা থেকে অব্যাহতি পাওয়াকে ফিলিপাইনের বিপর্যস্ত সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য আরেকটি আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার নোবেল বিজয়ী মারিয়া রেসা এবং তার অনলাইন নিউজ ওয়েবসাইট র্যাপলারকে কর জালিয়াতির অভিযোগ থেকে খালাস দেন আদালত। রেসা ২০২১ সালে একজন রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাতভের সঙ্গে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন।
মারিয়া রেসা ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি তার সংবাদ প্রতিষ্ঠান র্যাপলারের মাধ্যমে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের কড়া সমালোচনা করতেন। বিশেষ করে দুতের্তে ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ চালানোর নামে বিচারবহির্ভূত হত্যার যে কার্যক্রম শুরু করেছিলেন মারিয়া রেসা ছিলেন তার ঘোর বিরোধী।
উল্লেখ্য, ২০১৮ সালে মারিয়া রেসা ও তার প্রতিষ্ঠান র্যাপলারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনে ফিলিপাইন সরকার। এতে বলা হয়, রেসা এবং তার প্রতিষ্ঠান র্যাপলার ২০১৫ সালে বিদেশি বিনিয়োগের রসিদ দেখাতে ব্যর্থ হয়েছে। সেই অভিযোগেই তার বিরুদ্ধে কর জালিয়াতির মামলা হয় এবং সেই মামলায় জামিনে ছিলেন রেসা। তবে রেসার বিরুদ্ধে আরও মামলা রয়েছে এবং ২০২০ সালে একটি মামলায় তিনি দোষী সাব্যস্তও হয়েছিলেন। যদিও ওই মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছিলেন এই নোবেলজয়ী।
এমএইচএফ