করোনা মহামারির বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহার ডব্লিউএইচও‘র

করোনা মহামারি সংক্রান্ত বৈশ্বিক জরুরি অবস্থার অবসান ঘোষণা করেছে জাতিসংঘের অন্যতম অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও। শুক্রবার (৫ মে) সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস নিজে  এ ঘোষণা দেয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

শুক্রবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন,  ‘অত্যন্ত আশা নিয়ে আমি ঘোষণা করছি, কোভিড-১৯ আর গ্লোবাল হেলথ ইমার্জেন্সি নয়। প্রত্যাশা করছি, আমাদের সামনের দিনগুলো সুন্দর ও নিরাপদ হবে।’তবে বৈশ্বিক স্বাস্থ্যের জন্য কোভিড এখনও হুমকি।

তিনি বলেন, বিশ্বকে পাল্টে দিয়েছে কোভিড, আমাদেরকেও বদলে দিয়েছে। আমরা যদি কোভিডের আগের অবস্থায় ফিরে যাই, আমরা যদি শিক্ষা নিতে ব্যর্থ হই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ব্যর্থতার দিকে ধাবিত করব আমরা।

২০২০ সালের ৩০ জানুয়ারি ডব্লিউএইচও’র জরুরি কমিটি ঘোষণা দিয়েছিল স্বাস্থ্যজনিত সর্বোচ্চ ঝুঁকি হলো কোভিড। এই ঘোষণার ফলে স্বাস্থ্যের হুমকিতে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণে সহযোগিতা করে। এতে করে চিকিৎসা ও টিকা নিয়ে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতাও বৃদ্ধি পায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই জরুরি অবস্থা প্রত্যাহার গত কয়েক বছরে এই খাতে অগ্রগতির ইঙ্গিত তুলে ধরছে। কিন্তু কোভিড-১৯ সমাজে থেকে যাবে। যদিও এটি এখন আর জরুরি পরিস্থিতি সৃষ্টি করছে না।

সংস্থাটির তথ্য অনুসারে, ২০২১ সালের জানুয়ারিতে কোভিডে প্রতি সপ্তাহে ১ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের ২৪ এপ্রিল এসে প্রতি সপ্তাহে মৃত্যু কমে হয়েছে সাড়ে তিন হাজার। গত তিন বছরে করোনাভাইরাসে  বিশ্বে ৬৯ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

ডব্লিউএইচও মহামারির শুরু বা সমাপ্তির ঘোষণা দেয় না। যদিও ২০২০ সালের মার্চ মাস থেকে শব্দটির ব্যবহার করে সংস্থাটি।