তৃতীয়বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৩ মে) সকাল ১০টায় কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি।
করোনা পজিটিভ হওয়ার পর বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল সোমবার দুপুরের পর থেকে অসুস্থ বোধ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা পরীক্ষা করানো হলে আজ তার রিপোর্ট পজিটিভ আসে। পরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন।
এর আগে, গতবছর সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল এর আগেও দুবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার করোনা প্রতিরোধী চারটি টিকা নেয়া আছে বলে জানা গেছে।
গত রোববার নীলফামারীতে বিএনপির সমাবেশে যোগ দেন মির্জা ফখরুল। সোমবার (২২ মে) রাজধানীর একটি হোটেলে জ্বালানি খাত নিয়ে এক আলোচনায় অংশ নেয়ার পর অসুস্থ বোধ করায় চিকিৎসকের পরামর্শে কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা করাতে দেন। সকাল ১০টার দিকে তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।