কক্সবাজার সমুদ্র উপকূলে একের পর এক ভেসে আসছে মৃত মা কচ্ছপ। শুধমাত্র শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে ১৭টি মৃত মা কচ্ছপ পাওয়া গেছে। পরে এসব কচ্ছপ মাটিতে পুঁতে দিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার বেলা ১১টা থেকে কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি থেকে টেকনাফ পর্যন্ত ১৭টি মৃত কচ্ছপ পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৫টা) তিনিসহ বোরির কর্মকর্তারা টেকনাফে অবস্থান করছেন। আর কোথাও কচ্ছপ মৃত ভেসে এসেছে কি না তা দেখছেন।
তরিকুল ইসলাম বলেন, ১৭টি অলিভ রিডলি মা কচ্ছপ। নমুনা সংগ্রহ শেষে এদের মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। প্রতিটি কচ্ছপই জালের সুতোয় প্যাঁচানো এবং আঘাত প্রাপ্ত। উপকূলে ডিম দিতে আসার সময় জেলেদের ফেলে দেওয়া জাল, রশিতে পেঁচিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে এসব মৃত কচ্ছপ।
তিনি আরও বলেন, জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ১৭টাসহ ৮৩টি মৃত কচ্ছপ ভেসে এসেছে। যার মধ্যে শুধু মাত্র ৯ দিনে মিলেছে ৪০টির বেশি। এদের পেট থেকে ৭ শতাধিক ডিমও সংগ্রহ করা হয়েছে। এ সময়ে ৩টি মৃত ডলফিন, ১টি মৃত পরপইসও ভেসে এসেছে।
এ পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করে বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, বিষয়টি খুব গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। জরুরি ভিত্তিতে জেলেদের সচেতন করার কাজও শুরু করা হয়েছে। জাল বা রশি যেন সমুদ্র ফেলে না দেওয়ার বিষয়ে তাদের সচেতন করা হচ্ছে।