কক্সবাজার জেলার চকরিয়ায় সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের দরগাহ গেইট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় দুঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের কারণে জনদূর্ভোগ সৃষ্টি হয়। পরে ঘঠনাস্থলে পুলিশ আসলে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত একজনের নাম টিপু সোলতান (২২)। তিনি ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্যামননগর ইউনিয়নের বাসিন্দা জামাল মিয়ার ছেলে। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী মো. বেলাল উদ্দীন জানান, দরগাহ গেইটের দক্ষিণ পূর্ব পাশে সিমেন্ট বোঝাই গাড়িটি দাড়িয়ে ছিল হঠাৎ কক্সবাজারগামী বিছমিল্লাহ পরিবহনের একটি বাস ট্রাকটিকে পিছন থেকে এসে জোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এতে কয়েকজন যাত্রী মারাত্বক আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ জানান, ঢাকা থেকে ছেড়ে বিসমিল্লাহ নামের একটি বাস কক্সবাজারের দিকে আসছিল। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬ যাত্রী। পরে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
এতে কক্সবাজার চট্টগ্রাম সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বাসটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এমএইচএফ