ওসিকে ধাক্কা মেরে চট্টগ্রাম ছাড়ছে শিক্ষা উপমন্ত্রীর সেই বডি গার্ড

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবিরকে ধাক্কা দেওয়ার ঘটনায় নগর বিশেষ শাখার (সিটি এসবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বডিগার্ড সন্তু শীলকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) পুলিশ সদর দফতরের এক আদেশে বলা হয়, তাকে প্রশাসনিক কারণে বদলি করা হয়েছে। তিনি প্রায় চার বছর ধরে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বডিগার্ড হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সিএমপির উপ-কমিশনার (সদর) আবদুল ওয়ারীশ বলেন, আজ (মঙ্গলবার) উনাকে বদলির একটা আদেশ পেয়েছি।

এর আগে গত ২৫ এপ্রিল এক আদেশে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) লাইনসে সংযুক্ত করা হয়। একই দিন পৃথক আরেকটি আদেশে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিনকে।

সর্বশেষ গত ২০ এপ্রিল নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় শিক্ষা উপমন্ত্রী নওফেল নিজ সংসদীয় আসনে ঈদ সামগ্রী বিতরণ করতে গেলে ওসি জাহিদুল কবিরকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে এএসআই সন্তুর বিরুদ্ধে। এ ঘটনায় নিজ থানায় জিডি করেন কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির। পাশাপাশি তিনি সিএমপি পুলিশ কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দেন।

পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শিক্ষা উপমন্ত্রীর বডিগার্ড হিসেবে কোতোয়ালি থানার ওসিকে নানা বিষয়ে তদবির করতেন সন্তু। তবে কয়েকমাস আগে ওসি তাকে কোনো বিষয়ে তদবির করতে বারণ করেন। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন এএসআই সন্তু।

সন্তু শীলের বিরুদ্ধে এর আগে কোতোয়ালি থানার সাবেক ওসি নেজাম উদ্দিন, পটিয়া থানার ওসি প্রিটন সরকার, বন্দর থানার সাবেক ওসি জাহিদুল কবিরের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। ওসি নেজাম উদ্দিন তার বিরুদ্ধে ২০১৯ সালে একবার জিডি করেছিলেন।