এ্যানীকে নির্যাতনের ঘটনা মানবাধিকার সংগঠনগুলোকে জানালো বিএনপি

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গ্রেপ্তারের বিষয়টি দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠনকে অবগত করা হয়েছে। তাকে গভীর রাতে দরজা ভেঙে বাসা থেকে গ্রেপ্তার আইনবহির্ভূতভাবে এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সোমবার জানান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গ্রেপ্তার ও তার ওপর নির্যাতনের বিষয়টি মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হয়েছে। দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী দুইবারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি বর্তমানে বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব। এমন একজন পরিচিত ব্যক্তিকে গত ১১ অক্টোবর গভীর রাতে দরজা ভেঙে তার বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে জোর করে ধানমন্ডি থানায় নিয়ে যায়। গ্রেপ্তারের সময় তাকে কোনো ওয়ারেন্ট দেখাতে পারেনি। এমনকি গভীর রাতে তার বাসায় প্রবেশের কোনে আইনি কাগজপত্রও প্রদর্শন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উপরন্তু তাকে মারাত্মকভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে, এ কারণে তার মুখে ক্ষত চিহ্ন রয়ে গেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তারের পরের দিন সকালে নিম্ন আদালতে নেওয়া হয়, বিচারকের সামনে এ্যানী এই নির্যাতনের কাহিনী তুলে ধরে কেঁদে ফেলেন। প্রতিবেদনের সঙ্গে দেশের বেশ কয়েকটি প্রধান পত্রিকার এ সম্পর্কিত সংবাদ সংযোজিত করা হয়।