এসডো’র গবেষণা আনন্দের খেলনা শিশু স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর
মাত্রাতিরিক্ত বিষাক্ত ধাতু চিহ্নিত
জন্ম থেকে আড়াই-তিন বছর বয়স পর্যন্ত শিশুদের চিরাচরিত অভ্যাস হাতে যা পায় তা-ই মুখে নেয়। আর তাদের মেধা বিকাশে ও আনন্দে রাখতে বাবা-মা কিনে দেয় খেলনা। আতঙ্কের খবর হচ্ছে- আনন্দের সেই বস্তুই শিশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। গবেষণা বলছে, বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া শিশুদের খেলনা সামগ্রীতে সীসা, পারদ এবং ক্যাডমিয়ামসহ বিষাক্ত ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে। এসব ক্ষতিকর ধাতু আছে চীন থেকে আমদানি করা খেলনায়ও। এছাড়া দেশের ছোট ছোট কারখানায় নিম্নমানের প্লাস্টিক দিয়ে তৈরি খেলনায়ও মিলেছে ধাতুর উপস্থিতি। যা শিশুদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। শিশুরা যখন খেলনা হাতে নেয় বা মুখে দেয়, তখনই বিষাক্ত কেমিকেলের সংস্পর্শে আসে তারা।
গবেষণাটি করেছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)। প্রকাশিত প্রতিবেদনের নাম- ‘ইনোসেন্স টাচড বাই শ্যাডোস: ইনভেস্টিগেটিং টক্সিক কেমিকেলস ইন টয়স’। গতকাল সোমবার এসডো’র প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন শ্রেণির ৪০টি খেলনা পরীক্ষা করে এ প্রতিবেদন তৈরি করা হয়। সেসব খেলনার প্রায় ৮০ শতাংশ চীন থেকে আমদানি করা। এছাড়া ভিয়েতনাম ও ব্রাজিলের খেলনা রয়েছে। পাশাপাশি দেশে উৎপাদিত ছোট ছোট কারখানার খেলনাও নেয়া হয়েছে। সেগুলোতেও ক্ষতিকর ধাতুর উপস্থিতি পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, শিশুদের খেলনার মধ্যে বিপজ্জনক ভারী ধাতু বিশেষ করে সীসা, পারদ এবং ক্যাডমিয়ামের উপস্থিতি প্রকাশ করা হয়েছে।
খেলনাগুলোতে পাওয়া ধাতুর গড় ঘনত্ব হচ্ছে- লেড- ৬৫.৮৫ পিপিএম, যা নির্ধারিত সীমার প্রায় ৫ গুণ বেশি। পারদ- ৩০.৬ পিপিএম, যা নির্ধারিত সীমার প্রায় ৪ গুণের বেশি এবং ক্যাডমিয়াম-২৮.৬৫ পিপিএম, যা নির্ধারিত সীমার প্রায় ১৫ গুণের বেশি। এর মধ্যে, ক্যাডমিয়াম একটি ভারী ধাতু। এটি নরম এবং দেখতে রুপালি সাদা। রাসায়নিক ধর্মে দস্তা ও পারদের সঙ্গে মিল রয়েছে। যা মানবদেহের জন্য ক্ষতিকর।
এসডো’র চেয়ারপারসন সৈয়দ মার্গুব মোর্শেদ উদ্বেগ প্রকাশ করে বলেন, শিশুদের খেলনায় সীসার উপস্থিতি গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে। যা খুবই উদ্বেগজনক। শিশুদের খেলনা উৎপাদন, বিতরণ এবং ব্যবহারের সঙ্গে জড়িত প্রত্যেকের সীসা দূষণকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত। এই পণ্যগুলো শিশুদের জন্য নিরাপদ কি-না তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দেশে খেলনার উপকরণ ব্যবহারের একটি স্ট্যান্ডার্ড করতে হবে। এছাড়া নিম্নমানের খেলনা উৎপাদন বন্ধ করা এবং আমদানি খেলনাগুলো পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
সৈয়দ মার্গুব মোর্শেদ আরও বলেন, ভারী ধাতুর উপস্থিতি প্রত্যেকের জন্য ক্ষতিকারক, তবে এটি ছয় বছরের কম বয়সী শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। শিশুরা খেলনা হাতে এবং মুখে দেয়ার ফলে সেখান থেকে বিষাক্ত কেমিকেলের সংস্পর্শে আসে, যা তাদের স্নায়বিক বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলে।
এসডো’র মহাসচিব ড. শাহরিয়ার হোসেন বলেন, আমাদের শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য খেলনায় বিভিন্ন ভারী ধাতু ও কেমিকেলের ব্যবহার নিয়ন্ত্রণের জন্য জরুরি পদক্ষেপ নেয়া উচিত। এসডোর নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা বলেন, খেলনায় ব্যবহৃত রং মূলত ইন্ডাস্ট্রিয়াল পেইন্ট। কাজেই, যত দ্রুত সম্ভব ইন্ডাস্ট্রিয়াল রঙে সীসার সুনির্দিষ্ট মাত্রা নির্ধারণ করতে হবে। তা নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগের প্রয়োজন।