এলাকার উন্নয়নে কাজ করবেন নতুন উপজেলা চেয়ারম্যানরা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বুধবার অনুষ্ঠিত চট্টগ্রামের তিন উপজেলায় সদ্য-সমাপ্ত নির্বাচনে বেসরকারীভাবে জয়ী চেয়ারম্যানগণ এলাকা ও জনগণের মান-উন্নয়নে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

আজ বৃহস্পতিবার বিকেলে দৈনিক দেশ বর্তমানকে দেওয়া সাক্ষাতকারে এমন প্রত্যয় ব্যক্ত করেন মিরসরাই থেকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত এনায়েত হোসেন নয়ন, সীতাকুণ্ড থেকে আরিফুল আলম চৌধুরী রাজু ও সন্দ্বীপ থেকে এস এম আনোয়ার হোসেন। তারা তিনজনই বিপুল ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে জয়লাভে ভোট দিয়ে সহযোগিতা করায় ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সুখ-দুঃখে কাছে থাকার ঘোষণাও দেন। এছাড়া তিন উপজেলায় বেসরকারীভাবে নির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরাও চেয়ারম্যানের সাথে সমন্বয় রেখে স্ব-স্ব এলাকার উন্নয়নে ভূমিকা পালন করবেন বলে জানা যায়।

সীতাকুণ্ড থেকে চেয়ারম্যান নির্বাচিত আরিফুল আলম চৌধুরী রাজু দৈনিক দেশ বর্তমানকে বলেন, জনগণ আমার ওপর আস্থা রেখে ভোটের মাধ্যেমে যে প্রতিদান দিয়েছেন তাতে আমি তাদের কাছে ঋণী হয়ে গেলাম। তাদের আস্থার প্রতিদান হিসাবে এলাকা ও এলাকার সর্বস্থরের জনগণের মান উন্নয়নে কাজ করবো। পাশাপাশি এলাকার সুখ দুঃখের সাথী হয়ে থাকতে চাই। শপথ নেওয়ার পর থেকে পুরোদমে এলাকাবাসীর সেবায় নিয়োজিত থাকবো।

মিরসরাই থেকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত এনায়েত হোসেন নয়ন দেশ বর্তমানকে বলেন, আমি অভিভূত ও কৃতজ্ঞ এলাকার ভোটারদের কাছে। তারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেন। দীর্ঘদিন ধরে একটি আধুনিক, সমৃদ্ধ মিরসরাই গড়ে তোলার যে কাজ করে যাচ্ছি তা পূর্ণ বাস্তবায়নে এবার সুযোগ হলো। আমার ওপর আস্থা রাখায় মিরসরাই উপজেলাকে সারাদেশের মধ্যে একটি মডেল উপজেলায় রূপান্তর করবো। এলাকার সর্বস্তরের বাসিন্দারা আগের ন্যায় সুঃখÑদুঃখে আমাকে পাশে পাবেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মিরসরাইয়ের সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাবো।

সন্দ্বীপ থেকে চেয়ারম্যান নির্বাচিত এস এম আনোয়ার হোসেন দেশ বর্তমানকে বলেন, সনদ্বীপবাসী আমার ওপর আস্থা রাখায় তাদের প্রতি কৃতজ্ঞ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে শুধু ইউনিয়নে নিজের মানবিক কার্যক্রম সীমাবদ্ধ রাখিনি। পুরো সনদ্বীপের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। এবার নির্বাচনে এলাকার জনগণ আমাকে বড় পরিসরে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। এলাকা ও জনগণের মান উন্নয়নে কাজ করে তাদের আস্থার প্রতিফলন দেব। এবং সবসময় এলাকাবাসীর সুখে-দুঃখে কাজ করবো।

নির্বাচনে তিন উপজেলার ফলাফল:
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসের তথ্যমতে, মিরসরাই উপজেলায় ১১৩ ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ২৫৭ জন। এরমধ্যে ১৭% ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।

তিনি জানান, নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন (কাপ পিরিচ প্রতীক) প্রাপ্ত ভোট ৩৩ হাজার ১৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আতাউর রহমান (ঘোড়া প্রতীক) পেয়েছেন ২০ হাজার ৭৬৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী সাইফুল ইসলাম (চশমা প্রতীক) পেয়েছেন ৩৮,৩৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ সেলিম (টিয়া পাখি) পেয়েছেন ১৬,৭৩৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী উম্মে কুলসুম কলি (ফুটবল) পেয়েছেন ৩১,৩৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমত আরা ফেন্সী (কলসী) পেয়েছেন ২০,৪৭৭ ভোট।

সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জসিম উদ্দিন জানান, সীতাকুণ্ডে মোট ভোটার সংখ্যা ৩,২০,১৯৩। চেয়ারম্যান পদে আরিফুল আলম চৌধুরী রাজু (আনারস প্রতীক) পেয়েছেন ৫৯,৭৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন আহমেদ মঞ্জু (দোয়াত-কলম)-১১,১৮৬ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে মো. গোলাম মহিউদ্দিন (উড়োজাহাজ) পেয়েছেন ৫৮,০২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জালাল আহমেদ (টিউবওয়েল) ১১,২৩০ ভোট পেয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে শাহীনুর আক্তার বিউটি (পদ্মফুল)-৫৪,৭৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীমা আক্তার লাভলী (হাঁস) পেয়েছেন ৮,৮০৯ ভোট।

এদিকে সন্দ্বীপে ২ লাখ ৪৫ হাজার ৬ শত ৭৬ জন ভোটারের মধ্যে শতকরা ১৮ দশমিক ৪৬ ভাগ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আনোয়ার হোসেন। তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪১ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দীন মিশন কাপ পিরিচ প্রতীকে ২ হাজার ৫৩১ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ওমর ফারুক। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে হালিমা বেগম ৩৬ হাজার ৭৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।