‘এলাকায় অশান্তি সৃষ্টি করলে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে’—জামায়াতকে এমপি মোস্তাফিজ

এলাকায় অশান্তি সৃষ্টি করলে আইনের আওতায় আনা হবে এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে বলে জামায়াতকে হুঁশিয়ারি করেছেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।

মঙ্গলবার (১৫ আগস্ট) বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের সভায় জামায়াতকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।

এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বাঁশখালীতে আমি এমপি থাকাকালীন আপনাদের হয়রানি কিংবা মিথ্যা কোনো মামলা দেওয়া হয়নি। আপনারা যদি অন্যায়ভাবে এলাকায় অশান্তি সৃষ্টি করেন, তাহলে অপরাধীদের আইনের আওতায় আনা হবে এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। আমার মৃত্যুর পর আমার লাশ সামনে নিয়ে জানাজা হবে। ঢাকায় মরলে এখানে গায়েবানা জানাজা পড়ে বিশৃঙ্খলা করতে চাইলে তা কোনোভাবে মেনে নেওয়া হবে না।

সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, দেশের জনগণের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। না হয় দেশ তলিয়ে যাবে। তার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাঁশখালী পৌরসভার মেয়র অ্যাডভোকেট তোফাইল বিন হোছাইন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আকতার কাজমী, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম শাহাদত আলম প্রমুখ।